বাংলাদেশের ভ্রমণ, পথে পথে বাংলা · English
Bangladesh Traveller

ভ্রমণের গল্প

১১.১১-এ যাত্রা শুরু করছে বাংলাদেশ ট্রাভেলার

১১ নভেম্বর ২০২৬, পর্যটন শিল্পের সহকর্মীদের নিয়ে ঢাকায় সফট লঞ্চের মধ্য দিয়ে যাত্রা শুরু করছে বাংলাদেশ ট্রাভেলার। পর্যটন উন্নয়নে অঙ্গীকারবদ্ধ, শিল্পের কণ্ঠস্বর হতে চাওয়া একটি দ্বিভাষিক প্রকাশনা।

Bangladesh Traveller Desk ·

হলুদ সরিষা খেতের মাঝ দিয়ে সবুজ মাঠ, দূরে হেঁটে যাচ্ছেন কয়েকজন
ছবি: Manzur Alam / Unsplash

১১ নভেম্বর ২০২৬, যাত্রা শুরু করছে বাংলাদেশ ট্রাভেলার।

সেদিন বিকেল ৫টায় ঢাকার কারওয়ান বাজারে অ্যাম্বারউড ভেঞ্চারসের কার্যালয়ে পর্যটন শিল্পের সহকর্মীদের নিয়ে হচ্ছে আমাদের সফট লঞ্চ। শুরুটা ইচ্ছা করেই ছোট পরিসরে। হোটেল, ট্যুর অপারেটর, পরিবহন আর ভ্রমণ মিডিয়ার যে মানুষেরা প্রতিদিন দেশের পর্যটনকে এগিয়ে নিচ্ছেন, তাঁদের সঙ্গে বসে আলোচনা: দেশের ভ্রমণপ্রেমী মানুষ আর পর্যটন শিল্প এমন একটি প্রকাশনার কাছে কী চায়।

সেই সন্ধ্যা থেকেই bangladeshtraveller.com আর আমাদের সামাজিক মাধ্যমের পাতাগুলো সবার জন্য উন্মুক্ত।

কেন বাংলাদেশ ট্রাভেলার

৬৪টি জেলা। অসংখ্য নদী, পাহাড়, হাওর, বন, আর পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকতগুলোর একটি। দেশে-বিদেশে বেশির ভাগ মানুষ যতটা জানেন, ভ্রমণপ্রেমীদের জন্য বাংলাদেশের দেওয়ার আছে তার চেয়ে অনেক বেশি।

তবু এ দেশের ভ্রমণের গল্প এখনো অনেকটাই অজানা। যতটুকু জানা, তার বেশির ভাগই ছড়িয়ে আছে ফেসবুক পোস্ট, ভিডিওর মন্তব্য আর লোকমুখে। মৌসুমে মৌসুমে নিয়ম বদলায়, দাম ওঠানামা করে, আর ভ্রমণকারীদের জোড়াতালি দিয়ে চলতে হয় প্রায়ই পুরোনো তথ্য দিয়ে।

আমরা এসেছি সেই গল্পগুলোকে এক জায়গায় আনতে, যাচাই করতে, আর বাংলা ও ইংরেজিতে ঠিকভাবে বলতে।

আমাদের অঙ্গীকার: পর্যটনের উন্নয়ন

পর্যটন প্রতিটি জেলায় কাজের সুযোগ তৈরি করতে পারে: হাওরের মাঝি, কক্সবাজারের হোটেলকর্মী, সিলেটের চা-বাগানের গাইড, রাঁধুনি, চালক, কারিগর আর ছোট উদ্যোক্তা। এই সম্ভাবনা কাজে লাগাতে তিনটি জিনিস একসঙ্গে দরকার।

ভ্রমণকারীদের দরকার নির্ভরযোগ্য, হালনাগাদ তথ্য, যাতে তাঁরা নিশ্চিন্তে পরিকল্পনা করতে পারেন। গন্তব্যগুলোর দরকার যত্ন, যাতে সেন্টমার্টিন, সুন্দরবন বা টাঙ্গুয়ার হাওর বিশ বছর পরেও দেখার মতো থাকে। আর শিল্পের দরকার এমন একটি জায়গা, যেখানে এর অগ্রগতি আর সমস্যা নিয়ে খোলাখুলি আলোচনা হয়।

বাংলাদেশ ট্রাভেলার এই তিন জায়গাতেই ভূমিকা রাখতে চায়। আমাদের প্রতিটি গাইডে থাকবে তারিখ আর তথ্যসূত্র, আর নিয়ম ও মৌসুম বদলালে গুরুত্বপূর্ণ গাইডগুলো আমরা হালনাগাদ রাখব। কোথায় যাবেন, তা যেমন লিখব, দায়িত্বশীল ভ্রমণের কথাও তেমনই স্পষ্ট করে লিখব।

পর্যটন শিল্পের কণ্ঠস্বর

প্রতিটি ভ্রমণের পেছনে আছে একটি শিল্প: হোটেল ও রিসোর্ট, ট্যুর অপারেটর, পরিবহন কোম্পানি, গাইড, প্রশিক্ষণ প্রতিষ্ঠান, আর নিয়ম ঠিক করে দেওয়া সরকারি সংস্থাগুলো। কিছু ভুল না হলে তাঁদের কাজ সাধারণত খবরে আসে না।

আমাদের ইন্ডাস্ট্রি ডেস্ক নিয়মিত লিখবে পর্যটনকে সচল রাখা মানুষ ও প্রতিষ্ঠানের কথা, বিনিয়োগ আর নতুন প্রকল্পের কথা, নীতিগত সিদ্ধান্ত মাঠে কীভাবে কাজ করছে, আর খাতটির কোন সমস্যাগুলোর সমাধান দরকার। শিল্পের কিছু বলার থাকলে আমরা চাই সেই কথা বলা হোক বাংলাদেশ ট্রাভেলারে, আর তা যেন সবার কাছে পৌঁছায়।

এ কারণেই আমাদের প্রথম আয়োজন শিল্পের সহকর্মীদের সঙ্গে। তাঁদের অভিজ্ঞতা, সমালোচনা আর গল্প এই প্রকাশনাকে আরও শক্তিশালী করবে।

আমরা যা প্রকাশ করব

  • যাচাই করা ভ্রমণ গাইড: যাতায়াত, মৌসুম, খরচ আর সরকারি নিয়ম, তারিখসহ, সূত্রসহ।
  • ভ্রমণের গল্প: দেশজুড়ে লেখক আর আলোকচিত্রীদের চোখে দেখা বাংলাদেশ।
  • খাবার ও সংস্কৃতি: যে খাবার, কারুশিল্প আর উৎসব প্রতিটি অঞ্চলকে আলাদা করে।
  • ইন্ডাস্ট্রি ডেস্ক: বিনিয়োগ, নীতিমালা আর পর্যটন ব্যবসা নিয়ে খবর ও বিশ্লেষণ।
  • ক্যারিয়ার: পর্যটন ও আতিথেয়তা খাতে কাজ করতে চাওয়া মানুষের জন্য দিকনির্দেশনা ও সুযোগ।
  • ম্যাগাজিন: সেরা লেখাগুলো নিয়ে বাংলা ও ইংরেজিতে বাংলাদেশ ট্রাভেলার ম্যাগাজিন।

যেভাবে কাজ করব

আমরা সম্পাদকীয়ভাবে স্বাধীন। কোনো লেখা স্পনসর করা হলে তা স্পষ্টভাবে চিহ্নিত থাকবে। ভুল হলে আমরা তা সংশোধন করব এবং জানিয়ে দেব।

আমাদের সঙ্গে ঘুরুন, আমাদের জন্য লিখুন

আপনি যদি ঘুরতে ভালোবাসেন, লিখতে বা ছবি তুলতে পারেন, কিংবা কোনো এলাকাকে হাতের তালুর মতো চেনেন, আমরা আপনার লেখা চাই। পর্যটন ব্যবসা ও পেশাজীবীদের খবর, ভাবনা বা শিল্পের জন্য প্রশ্নও আমরা স্বাগত জানাই। কীভাবে লেখা পাঠাবেন, এখানে দেখুন।

পথে দেখা হবে।

এই লেখাটি ইংরেজিতেও পড়ুন: Bangladesh Traveller begins its journey on 11.11

আমাদের সাথে লিখুন

আপনার ভ্রমণের গল্প, গাইড বা ছবি পাঠান। সেরা লেখাগুলো জায়গা পাবে বাংলাদেশ ট্রাভেলার ম্যাগাজিনে।

লেখা পাঠান