বাংলাদেশের ভ্রমণ, পথে পথে বাংলা · English
Bangladesh Traveller

পর্যটন শিল্প

১৫ নভেম্বর উদ্বোধন কক্সবাজার পর্যটন কার্নিভালের, প্রবেশ ১৯ নভেম্বর থেকে: টিকিট, জোন ও সময়সূচি

হোটেল শৈবালের পাশে ৩৫ একর সৈকতে ২৪ ঘণ্টা খোলা কার্নিভাল। প্রবেশ ২০০ টাকা, সারা দিনের পাস ৫০০ টাকা; পুরোটাই ক্যাশলেস। সাধারণ দর্শনার্থীরা ঢুকতে পারবেন ১৯ নভেম্বর সকাল ৬টা থেকে।

Bangladesh Traveller Desk ·

সৈকতে কার্নিভালের প্রবেশদ্বার, নাগরদোলা আর রঙিন স্টলের প্রচারণামূলক ছবি
ছবি: কক্সবাজার পর্যটন কার্নিভাল (আয়োজকদের প্রচারণামূলক ছবি)

কক্সবাজার সমুদ্রসৈকতে ১৫ নভেম্বর উদ্বোধন হচ্ছে “কক্সবাজার পর্যটন কার্নিভাল ২০২৬”। প্রতিপাদ্য “অভিজ্ঞতার নতুন ঢেউ”। তবে সাধারণ দর্শনার্থীরা ঢুকতে পারবেন ১৯ নভেম্বর সকাল ৬টা থেকে; টিকিট বিক্রিও শুরু সেদিন। কার্নিভাল খোলা থাকবে দিনরাত ২৪ ঘণ্টা।

উদ্যোগটি বাংলাদেশ পর্যটন করপোরেশনের। আয়োজন ও বাস্তবায়নে স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেড, আর অনলাইন টিকিট ও বুকিংয়ের একক অংশীদার টিকিফাই লিমিটেড। আয়োজকদের দাবি, এটি দেশের প্রথম ও সবচেয়ে বড় সৈকত কার্নিভাল।

এক নজরে

  • উদ্বোধন: ১৫ নভেম্বর ২০২৬।
  • সাধারণ প্রবেশ: ১৯ নভেম্বর সকাল ৬টা থেকে, প্রতিদিন ২৪ ঘণ্টা খোলা।
  • মেয়াদ: আয়োজকদের ওয়েবসাইটের প্রশ্নোত্তরে বলা হয়েছে ১৫ নভেম্বর থেকে ৯০ দিন। তবে একই সাইটের অন্য অংশে এখনো ১ নভেম্বর–৩১ জানুয়ারি লেখা, আর টিকিট আপাতত বিক্রি হচ্ছে ৫ ডিসেম্বর পর্যন্ত। চূড়ান্ত শেষ তারিখ আয়োজকেরা জানাননি।
  • স্থান: হোটেল শৈবাল, মোটেল রোড, কক্সবাজার। সৈকত ও ঝাউবনের প্রায় ৩৫ একর।

টিকিট: দাম, কী পাবেন, কীভাবে কিনবেন

পাসদাম (জনপ্রতি)নিয়ম
রেগুলার পাস২০০ টাকাএকবার প্রবেশ; ঢোকার পর আবার ব্যবহার করা যাবে না
ডে লং পাস৫০০ টাকাকেনার দিন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত যতবার খুশি ঢোকা-বের হওয়া
  • টিকিটেই যা ফ্রি: ফুড জোন, পিঠা অ্যারেনা, মার্কেট জোন, বারবিকিউ জোন, লাইভ মিউজিক অ্যাম্ফিথিয়েটার আর লাইভ বাস্কিং।
  • আলাদা টিকিট লাগবে: ক্যাম্পিং, গো-কার্ট, কায়াকিংসহ কিছু অভিজ্ঞতা ও খেলায়।
  • নগদ টাকা চলবে না: পুরো কার্নিভাল ক্যাশলেস। বিকাশ, নগদ, রকেট বা কার্ডে অনলাইনে টিকিট কিনলে দ্রুত ঢোকা যাবে; ভেতরে টপ-আপ বুথ থাকবে।
  • কোথায় কিনবেন: টিকিফাইয়ের কার্নিভাল পাতা বা আয়োজকদের ওয়েবসাইট cxbpc.com।
  • ব্যবহার না করা সিঙ্গেল-এন্ট্রি টিকিট আয়োজকদের যাচাই সাপেক্ষে অন্যকে হস্তান্তর করা যাবে।

ভেতরে কী আছে: ১২টি জোন

  • ফুড জোন: দেশের আট বিভাগের স্থানীয় ও বিশেষ খাবার, ফুড কার্ট; সঙ্গে জুস কর্নার, বারবিকিউ জোন ও পিঠা অ্যারেনা।
  • ওপেন থিয়েটার: খোলা মঞ্চে সাংস্কৃতিক ও লোকজ পরিবেশনা, সপ্তাহান্তে বড় কনসার্ট, ওপেন মাইক।
  • ক্যাম্পিং জোন: তাঁবুতে রাত কাটানো, বনফায়ার, নিজে বারবিকিউ, তারা দেখা।
  • এক্সপেরিয়েন্স জোন: হ্যামক, পড়ার কোণ, বালুর শিল্প, তারার নিচে সিনেমা।
  • ওপেন লাইব্রেরি ও টেলিস্কোপ: সাগরপাড়ে বই পড়া, টেলিস্কোপে আকাশ দেখা, জ্যোতির্বিজ্ঞানের দিকনির্দেশনা।
  • মার্কেট জোন: জাতীয় ব্র্যান্ড, কক্সবাজারের স্থানীয় ও এসএমই স্টল, কারুপণ্য ও জিআই পণ্য।
  • প্রদর্শনী জোন: পর্যটন ও আলোকচিত্র প্রদর্শনী, শিল্প ও ঐতিহ্য।
  • কিডস জোন: মিনি গলফ, খেলা, গো-কার্ট, তত্ত্বাবধানে শিশুদের বিনোদন।
  • ওয়েলনেস জোন: সূর্যোদয় ও সূর্যাস্তে যোগব্যায়াম, মেডিটেশন, কর্মশালা।
  • গেমিং, স্পোর্টস ও গো-কার্ট: সব বয়সের জন্য খেলা, সৈকতে ফুটবল, ভলিবল, হ্যান্ডবল, কাবাডি।

সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, বিদেশি বালু-শিল্পী পল ও রেমি হগার্ড বালুর ভাস্কর্যের বিশেষ আয়োজন করবেন। বিজয় দিবস (১৬ ডিসেম্বর), বড়দিন ও ইংরেজি নববর্ষে থাকবে বিশেষ আয়োজন। কনসার্ট ও সাপ্তাহিক অনুষ্ঠানের পুরো সূচি এখনো প্রকাশ হয়নি।

ঝাউবনের নিচে আলোয় সাজানো ক্যাম্পিং জোনের প্রচারণামূলক ছবি

ক্যাম্পিং জোনের প্রচারণামূলক ছবি। ছবি: কক্সবাজার পর্যটন কার্নিভাল

নিরাপত্তা ও সুবিধা

আয়োজকেরা জানাচ্ছেন, সৈকতে লাইফগার্ড, সিসিটিভিসহ ২৪ ঘণ্টা নিরাপত্তা, ওয়াচ টাওয়ার আর তত্ত্বাবধানে কিডস জোন থাকবে। কার্নিভালের মানচিত্রে লকার, নার্সিং স্টেশন, প্রতিবন্ধীবান্ধব শৌচাগার এবং তথ্য ও স্যুভেনির কেন্দ্র দেখানো হয়েছে।

ব্যবসায়ীদের জন্য

খাবার, এসএমই, জিআই পণ্য ও নাইট মার্কেটের স্টলের জন্য আবেদন চলছে আয়োজকদের ওয়েবসাইটে। স্পনসরশিপ ও জোনের নামকরণের সুযোগও রাখা হয়েছে।

কেন এই আয়োজন

অক্টোবরে প্রথম ঘোষণার সময় পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান বলেছিলেন, লক্ষ্য বেশি বিদেশি পর্যটক আনা এবং কক্সবাজারকে নিরাপদ, টেকসই ও আন্তর্জাতিক মানের গন্তব্য হিসেবে নতুন করে পরিচিত করা। শুরুতে কার্নিভাল ১ নভেম্বর শুরুর কথা ছিল।

যাওয়ার আগে: ১৫ থেকে ১৮ নভেম্বর সাধারণ প্রবেশ নেই। সঙ্গে নগদ টাকার বদলে মোবাইল ব্যাংকিং বা কার্ড রাখুন। আয়োজকেরা জানিয়েছেন, প্রাকৃতিক দুর্যোগ বা নিরাপত্তার কারণে সূচি বদলাতে পারে, তাই যাওয়ার আগে তাঁদের সর্বশেষ ঘোষণা দেখে নিন। শীতের ভরা মৌসুমে হোটেল আগেভাগে বুক করুন।

কক্সবাজার থেকে সেন্টমার্টিন যাওয়ার পরিকল্পনা থাকলে পড়ুন: জাহাজের অত্যাধিক ভাড়ায় নাগালের বাহিরে সেন্টমার্টিনের পর্যটন।

প্রশ্নোত্তর

কক্সবাজার পর্যটন কার্নিভাল কবে শুরু?

উদ্বোধন ১৫ নভেম্বর ২০২৬। সাধারণ দর্শনার্থীদের প্রবেশ ও টিকিট বিক্রি শুরু ১৯ নভেম্বর সকাল ৬টা থেকে।

কার্নিভালের টিকিটের দাম কত?

একবার প্রবেশের রেগুলার পাস ২০০ টাকা, সারা দিন যতবার খুশি প্রবেশের ডে লং পাস ৫০০ টাকা। ক্যাম্পিং, গো-কার্টসহ কিছু অভিজ্ঞতায় আলাদা টিকিট লাগবে।

কার্নিভাল কখন খোলা থাকে?

দিনরাত ২৪ ঘণ্টা। তবে কিছু জোনের নিজস্ব সময়সূচি থাকতে পারে।

নগদ টাকায় কেনাকাটা করা যাবে?

না, কার্নিভাল ক্যাশলেস। বিকাশ, নগদ, রকেট বা কার্ডে পরিশোধ করতে হবে; ভেতরে টপ-আপ বুথ আছে।

সূত্র

এই লেখাটি ইংরেজিতেও পড়ুন: Cox's Bazar Tourism Carnival opens 15 November, public entry from 19 November: tickets, zones and hours

আমাদের সাথে লিখুন

আপনার ভ্রমণের গল্প, গাইড বা ছবি পাঠান। সেরা লেখাগুলো জায়গা পাবে বাংলাদেশ ট্রাভেলার ম্যাগাজিনে।

লেখা পাঠান