বাংলাদেশের ভ্রমণ, পথে পথে বাংলা · English
Bangladesh Traveller

পর্যটন শিল্প

জাতীয় পর্যটন নীতিমালা ২০২৬-এর খসড়া: কর অবকাশ, পর্যটন ফি আর রাতের সাফারি

৫৭ পৃষ্ঠার ‘জাতীয় পর্যটন নীতিমালা ২০২৬’-এর খসড়া প্রকাশ করেছে সরকার, চূড়ান্ত করতে ২৬ নভেম্বর হয়েছে অংশীজন কর্মশালা। প্রস্তাবে আছে বিশেষ পর্যটন অঞ্চলে কর অবকাশ, বিমান টিকিট ও হোটেল বিলে ১-২ শতাংশ পর্যটন ফি, ই-ভিসা, ধারণক্ষমতার সীমা আর নৈশ পর্যটন নীতিমালা। খসড়ায় কী আছে, আর কোন প্রশ্নের উত্তর বাকি।

Bangladesh Traveller Desk ·

জাতীয় পর্যটন নীতিমালা ২০২৬-এর খসড়ার ছয় বড় প্রস্তাব
ছবি: গ্রাফিক: বাংলাদেশ ট্রাভেলার

পর্যটনের নিয়মকানুন নতুন করে লিখছে সরকার। ১৯ নভেম্বর বাংলাদেশ ট্যুরিজম বোর্ড তাদের ওয়েবসাইটে ৫৭ পৃষ্ঠার ‘জাতীয় পর্যটন নীতিমালা ২০২৬’-এর খসড়া প্রকাশ করে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে সেটি চূড়ান্ত করতে অংশীজন কর্মশালায় অংশ নেন সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, ট্যুর অপারেটর, হোটেল-রিসোর্ট মালিক, গবেষক ও খাতসংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধিরা। অংশগ্রহণকারীদের পোস্ট অনুযায়ী, কর্মশালাটি আয়োজন করে ট্যুরিজম বোর্ড, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে মিলে। নতুন নীতিমালা জাতীয় পর্যটন নীতিমালা ২০১০-এর জায়গা নেবে।

খসড়ায় ভূমিকা ভাগ স্পষ্ট: সরকার থাকবে ‘নিয়ন্ত্রক’ ও ‘সহায়ক’, আর বেসরকারি খাত ‘চালক’। প্রধান লক্ষ্য হিসেবে বলা হয়েছে, দেশের ইতিহাস, সংস্কৃতি, প্রকৃতি ও প্রতিবেশকে ভিত্তি করে ‘একটি অন্তর্ভুক্তিমূলক, পরিবেশবান্ধব, বিশ্বমানের ও প্রযুক্তিনির্ভর পর্যটন ইকোসিস্টেম গড়ে তোলা’, যা জিডিপিতে দৃশ্যমান অবদান রাখবে। প্রস্তাবগুলো এক নজরে।

টাকা: কর অবকাশ আর পর্যটন ফি

  • বিশেষ পর্যটন অঞ্চল। সরকারি-বেসরকারি অংশীদারত্ব ও সরাসরি বিদেশি বিনিয়োগ টানতে ‘বিশেষ পর্যটন অঞ্চল’। সেখানে বিনিয়োগকারীরা পাবেন প্রথম ৫-১০ বছর কর মওকুফ, শুল্কমুক্ত যন্ত্রপাতি আমদানি এবং এক গেটওয়েতে সব লাইসেন্স; উদাহরণ হিসেবে থাইল্যান্ডের বোর্ড অব ইনভেস্টমেন্টের মডেল।
  • রপ্তানির মতো সুবিধা। বৈদেশিক মুদ্রা আয়কারী পর্যটন উদ্যোগ পাবে রপ্তানিমুখী শিল্পের অনুরূপ সুবিধা; সঙ্গে সহজ শর্তে ঋণ, কর-শুল্ক ছাড়, আর অফ-বিট এলাকায় টেকসই রিসোর্ট ও গ্ল্যাম্পিংয়ে প্রণোদনা।
  • পর্যটন উন্নয়ন তহবিল। আন্তর্জাতিক বিপণন, ব্র্যান্ডিং ও সংকটে শিল্পকে সহায়তার জন্য পরিচালনা পর্ষদশাসিত একটি স্বায়ত্তশাসিত তহবিল। সরকারের এককালীন প্রাথমিক মূলধনের পাশাপাশি এর আয় আসবে আন্তর্জাতিক বিমান টিকিট, অন-অ্যারাইভাল ভিসা ও তারকা হোটেলের বিলের ওপর ১-২ শতাংশ ‘ট্যুরিজম প্রমোশন ফি’ এবং প্রধান প্রত্নতাত্ত্বিক ও প্রাকৃতিক পর্যটনকেন্দ্রের ইজারা ও টিকিট বিক্রির নির্দিষ্ট অংশ থেকে।
  • বিনিয়োগ কৌশল। বিনিয়োগ ত্বরান্বিত করতে ‘ন্যাশনাল ট্যুরিজম ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি’ প্রণয়ন।

আসা-যাওয়া সহজ করা

  • ভিসা: সোর্স মার্কেটের পর্যটকদের জন্য ই-ভিসা, উন্নত অন-অ্যারাইভাল ব্যবস্থা, ট্রানজিট, থার্ড পার্টি ও অঞ্চলভিত্তিক সহজ ভিসা। আন্তর্জাতিক ক্রুজ জাহাজের জন্য অনবোর্ড ইমিগ্রেশন ও কাস্টমস।
  • আঞ্চলিক বিমানবন্দর: ঢাকা-চট্টগ্রামের ওপর চাপ কমিয়ে কক্সবাজার, সৈয়দপুর, রাজশাহী ও সিলেট দিয়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চল, নেপাল, ভুটান ও থাইল্যান্ড থেকে সরাসরি যাতায়াত।
  • সার্কিট: একক স্থানের ওপর চাপ না বাড়িয়ে আঞ্চলিক পর্যটন সার্কিট, যেমন বগুড়া-সিরাজগঞ্জ প্রত্নতাত্ত্বিক সার্কিট, মানিকগঞ্জের নদী ও হেরিটেজ সার্কিট, ‘পাহাড়, ঐতিহ্য ও বীরের জামালপুর’। সার্কিটের সড়ক চার লেন, বিলাসবহুল ট্যুরিস্ট ট্রেন ও ক্রুজ সার্ভিসের প্রস্তাবও আছে।

ডিজিটাল পর্যটন

  • ভ্রমণ পরিকল্পনা থেকে বুকিং, পেমেন্ট, নিরাপত্তা, অভিযোগ ও মতামত এক প্ল্যাটফর্মে আনতে ‘ডিজিটাল ওয়ান-স্টপ ট্যুরিজম সলিউশন’, সঙ্গে কেন্দ্রীয় মোবাইল অ্যাপ।
  • প্রত্নতাত্ত্বিক স্থান ও জাতীয় উদ্যানে অনলাইন বা কাউন্টার-কিওস্কে ‘সেন্ট্রাল টিকেটিং সিস্টেম’; ‘কোনো মধ্যস্বত্বভোগীর হাতে টিকিট না দিয়ে’।
  • লাইসেন্স ও অনুমোদন পুরোপুরি ডিজিটাল, ভিড় সামলাতে এআই ও ডিজিটাল গাইডবুক, ঐতিহাসিক স্থানে এআর, ভিআর ও লাইট অ্যান্ড সাউন্ড শো।

সীমা ও নিরাপত্তা

  • ধারণক্ষমতা: প্রাকৃতিক বা পরিবেশগতভাবে সংবেদনশীল কোনো এলাকাকে পর্যটনকেন্দ্র ঘোষণা বা উন্মুক্ত করার আগে বৈজ্ঞানিক গবেষণার ভিত্তিতে পরিবেশগত ও সামাজিক ধারণক্ষমতা নির্ধারণ বাধ্যতামূলক। খসড়ায় সেন্টমার্টিন, সুন্দরবন, বান্দরবান ও জাফলংয়ের নাম ধরে বলা হয়েছে, অতিরিক্ত পর্যটকের চাপ ও অনিয়ন্ত্রিত বাণিজ্য দায়িত্বশীল পর্যটন ব্যাহত করছে।
  • পরিবেশ: প্লাস্টিকমুক্ত পর্যটন, হোটেল-রিসোর্টে নবায়নযোগ্য শক্তি ও বর্জ্য ব্যবস্থাপনা, সংরক্ষিত এলাকায় পরিবেশবান্ধব নকশা।
  • নিরাপত্তা: ‘ন্যাশনাল ট্যুরিজম সেফটি অ্যান্ড সিকিউরিটি ফ্রেমওয়ার্ক’, প্রশিক্ষিত ট্যুরিস্ট পুলিশ বাড়ানো, সমুদ্রসৈকত, পাহাড়, বন, দ্বীপ, নদী ও প্রত্নস্থানের জন্য আলাদা নিরাপত্তা প্রটোকল, সিসিটিভি ও আলো, দুর্গম এলাকায় মোবাইল নেটওয়ার্ক ও জিপিএস।
  • আচরণ: পর্যটক ও সেবাদাতা উভয়ের জন্য বাধ্যতামূলক জাতীয় আচরণবিধি; পর্যটনের আড়ালে মাদক, মানব পাচার বা অনৈতিক কর্মকাণ্ড ঠেকাতে কঠোর নজরদারি।
  • আইন: বাংলাদেশ ট্যুরিজম বোর্ড আইন ২০১০ ও ট্যুর অপারেটর ও ট্যুর গাইড আইন ২০২১-এর সংশোধন।

নতুন পর্যটন পণ্য

  • নৈশ পর্যটন: সংস্কৃতি মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে আলাদা ‘নৈশ্য পর্যটন নীতিমালা’। প্রস্তাবের মধ্যে আছে গাজীপুর ও কক্সবাজার সাফারি পার্কে নির্দিষ্ট রুটে সাইলেন্ট ইলেকট্রিক গাড়িতে নাইট সাফারি, শ্রীমঙ্গল ও সাতছড়ির বাফার জোনে প্রশিক্ষিত গাইডের অধীনে ছোট দলে ‘নাইট ইকো-ওয়াক’, কাপ্তাই লেকে পূর্ণিমার জলভ্রমণ, পাহাড় ও হাওরে তারা দেখা, প্রত্নস্থানে লাইট অ্যান্ড সাউন্ড শো।
  • হোমস্টে: পর্যটনের আয় যেন সরাসরি স্থানীয় মানুষের কাছে যায়, সে জন্য হোমস্টের আইনি ও প্রাতিষ্ঠানিক রূপরেখা।
  • থিম: ইকো, জল ও নদী, হেরিটেজ, অ্যাগ্রো, ক্রুজ, মাইস, শিক্ষা ও কমিউনিটিভিত্তিক পর্যটন; নারী, শিশু, বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের জন্য সার্বজনীন অভিগম্যতা।
  • গবেষণা: ট্যুরিজম বোর্ডে একটি গবেষণা সেল।

চূড়ান্ত নীতিমালার কাছে প্রশ্ন

  • ফি দেবে কে? বিমান টিকিট ও হোটেল বিলে ১-২ শতাংশ ফি শেষ পর্যন্ত পর্যটকের ঘাড়েই পড়বে। তহবিলের খরচের হিসাব কীভাবে প্রকাশ হবে, চূড়ান্ত নীতিমালায় তা থাকা দরকার।
  • সীমা, নাকি রাতের সাফারি? খসড়া একদিকে ধারণক্ষমতা নির্ধারণ বাধ্যতামূলক করছে, অন্যদিকে সংরক্ষিত বন ও বাফার জোনে রাতের কার্যক্রমের প্রস্তাব দিচ্ছে। কোনটি আগে, তা স্পষ্ট হওয়া দরকার।
  • সংখ্যা ও সময়সীমা। আমরা যে অংশগুলো পর্যালোচনা করেছি, সেখানে ধারণা অনেক, কিন্তু সংখ্যাভিত্তিক লক্ষ্য, বাজেট বা সময়সীমা কম।
  • জনমত। খসড়া অনলাইনে আছে, কিন্তু আমন্ত্রিত অংশীজনের বাইরে সাধারণ মানুষের মতামত নেওয়ার কোনো প্রক্রিয়া ঘোষণা হয়নি।
  • মহাপরিকল্পনার সঙ্গে মিল। নীতিমালা আর সরকারের পর্যটন মহাপরিকল্পনা, যা ডিসেম্বরের শুরুতে মন্ত্রণালয়ে যাওয়ার কথা, একই সময়ে চূড়ান্ত হচ্ছে। দুটির কথা এক হওয়া জরুরি।

মহাপরিকল্পনা নিয়ে এ সপ্তাহে সরকার কী বলেছে, পড়ুন আমাদের ধারাবাহিকের দ্বিতীয় পর্বে।

প্রশ্নোত্তর

জাতীয় পর্যটন নীতিমালা ২০২৬ কী?

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের তৈরি নতুন জাতীয় পর্যটন নীতিমালা, যা ২০১০ সালের নীতিমালার জায়গা নেবে। খসড়াটি ১৯ নভেম্বর ২০২৬ ট্যুরিজম বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

অংশীজন কর্মশালা কবে হয়েছে?

২৬ নভেম্বর ২০২৬, ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে; খসড়া চূড়ান্ত করার আগে অংশীজনদের মতামত নিতে।

খসড়ায় কি নতুন পর্যটন ফির প্রস্তাব আছে?

হ্যাঁ। পর্যটন উন্নয়ন তহবিলের জন্য আন্তর্জাতিক বিমান টিকিট, অন-অ্যারাইভাল ভিসা ও তারকা হোটেলের বিলের ওপর ১-২ শতাংশ ‘ট্যুরিজম প্রমোশন ফি’র প্রস্তাব করা হয়েছে।

সূত্র

এই লেখাটি ইংরেজিতেও পড়ুন: Draft National Tourism Policy 2026: tax holidays, a tourism fee and night safaris

আমাদের সাথে লিখুন

আপনার ভ্রমণের গল্প, গাইড বা ছবি পাঠান। সেরা লেখাগুলো জায়গা পাবে বাংলাদেশ ট্রাভেলার ম্যাগাজিনে।

লেখা পাঠান